সাবেক ছাত্রদল নেতার বাড়িতে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সাবেক ছাত্রদল নেতা শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের বাড়ি থেকে ৫৮ ব্যারেল বিটুমিন উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) রাতে এসব উদ্ধার করে ঝালকাঠী সদর থানা পুলিশ।
শাকিল মাহমুদ পলাশ হাওলাদার জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি মেসার্স পলাশ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করেন।
পুলিশ জানায়, ঝালকাঠী জেলা সদরের শ্যাডো কনস্ট্রাকশনের মালিক মেজবা উদ্দিন মিন্টু গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের রফিক এন্টারপ্রাইজ থেকে রাস্তার কাজের জন্য ২৫ ব্যারেল বিটুমিন কেনেন। গত ২ মার্চ ঝালকাঠী থেকে ওই বিটুমিন চুরি হয়ে যায়। এ ব্যাপারে ঠিকাদার মেজবা উদ্দিন বাদী হয়ে ৫ মার্চ ঝালকাঠী সদর থানায় একটি মামলা করেন। সিসি ক্যামেরার ফুটেজ থেকে চোরাই মাল পরিবহনের ট্রাক শনাক্ত করে ট্রাকচালককে আটক করে পুলিশ। পরে ট্রাকচালকের দেওয়া তথ্যমতে শনিবার রাতে এ চোরাই বিটুমিন উদ্ধার করা হয়।
শাকিল মাহমুদ পলাশ হাওলাদার জানান, উদ্ধার করা ৫৮ ব্যারেল বিটুমিনের মধ্যে ৩৩ ব্যারেল বিটুমিনের কাগজপত্র তিনি দেখাতে পারবেন। বাকি ২৫ ব্যারেল তার বিটুমিনের সঙ্গে কে রেখেছে তা তিনি জানেন না।
মামলার তদন্ত কর্মকর্তা ঝালকাঠী সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম জানান, সিসি ক্যামেরার ফুটেজ থেকে একজনকে শনাক্ত করা হয়। তার দেওয়া তথ্যমতে শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে এ বিটুমিন উদ্ধার করা হয়েছে। তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।