logo

এসএসসি পরীক্ষার হলে স্বাস্থ্য কর্মকর্তার সেলফি

এসএসসি পরীক্ষার হলে স্বাস্থ্য কর্মকর্তার সেলফি

নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার কেন্দ্রের ভেতরে পরীক্ষা চলাকালীন সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সানাউল্লাহ মিয়া।

জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) এসএসসি পরীক্ষার প্রথম দিনে আড়াইহাজার সম্ভুপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্বাস্থ্যকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন সানাউল্লাহ মিয়া। দায়িত্ব পালনের সময় তিনি কেন্দ্রের বিভিন্ন কক্ষে প্রবেশ করে পরীক্ষা চলাকালীন সেলফি তোলেন এবং পরে তা নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন।

আজ বুধবার (২২ এপ্রিল) ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয় এবং পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে।

এ বিষয়ে সানাউল্লাহ মিয়া বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। অফিস থেকে কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে বলায় আমি ছবি তুলেছিলাম এবং পরে সেগুলো ফেসবুকে পোস্ট করি।’ তবে বিষয়টি বুঝতে পেরে তিনি আইডি থেকে ছবিগুলো মুছে ফেলেছেন বলে জানান।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসাদুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।