logo

বর্ণিল আয়োজনে বর্ষবরণ কক্সবাজার জেলা আইনজীবী সমিতির

বর্ণিল আয়োজনে বর্ষবরণ কক্সবাজার জেলা আইনজীবী সমিতির

নানা আয়োজন ও উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছিল কক্সবাজার জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণ। বাংলা নববর্ষকে বরণ করে নিতে দিনব্যাপী কর্মসূচিতে ছিল প্রাণের উচ্ছ্বাস ও ঐতিহ্যের আবহ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় সমিতির প্রধান ফটক-সংলগ্ন সড়ক থেকে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। রঙিন ব্যানার, উৎসবের সাজ ও প্রাণবন্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিণ শেষে মিলনায়তনে এসে এক উৎসবমুখর পরিবেশে মিলিত হয়।

পরে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মন্নান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সাধারণ সম্পাদক আখতার উদ্দিন হেলালী, সহসভাপতি মো. আব্দুল্লাহসহ অন্যরা বক্তব্য দেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আপ্যায়ন সম্পাদক রিদুয়ান আলী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদা খানম কক্সী।

পান্তা-ইলিশের স্বাদ, বৈশাখী গানের সুর, আবৃত্তির আবেশ, পিঠাপুলির ঘ্রাণ ও স্মৃতিময় ফটোসেশনে দিনটি হয়ে ওঠে অনন্য। বর্তমান ও সাবেক নেতা এবং নবীন-প্রবীণ আইনজীবীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় সম্প্রীতির এক উজ্জ্বল মিলনমেলায়।