জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে জামালপুরে মশাল মিছিল

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১৮ জুলাই) রাতে জেলা ও সদর উপজেলা এনসিপির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তারা।
এর আগে সন্ধ্যায় শহরের পাঁচ রাস্তা মোড় থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা শুধু একটি স্থাপনার ওপর হামলা নয়; এটি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের প্রতি চরম অবমাননার শামিল। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এনসিপি জামালপুর সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আরাফাত হোসেন সাকিল বলেন, সাধারণ মানুষের জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
জামালপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ তারা শুধু জুলাই স্মৃতিস্তম্ভে নয়, বাংলাদেশের হৃৎপিণ্ডে আগুন দিয়েছে। নির্বাচনের পর বড় বড় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধু ছোটখাটো লোকজনকে ধরা হচ্ছে। প্রকৃত অপরাধীদের যেন অনতিবিলম্বে আইনের আওতায় আনা হয়।
সমাবেশে এনসিপি, ছাত্রশক্তি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
.png)






