logo

সহকর্মীকে হয়রানি ও কুপ্রস্তাবের অভিযোগ স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে

সহকর্মীকে হয়রানি ও কুপ্রস্তাবের অভিযোগ স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে
কুমিল্লায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভবন। ছবি: সংগৃহীত

কুমিল্লায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে নারী সহকর্মীকে কুপ্রস্তাব ও হয়রানির অভিযোগ উঠেছে।

রোববার (২৪ মে) ওই নারী স্থানীয় সাংবাদিকদের বলেন, তাকে ঊর্ধ্বতন কর্মকর্তা দীর্ঘদিন ধরে হয়রানি করছেন।

মৌখিক অভিযোগে বলা হয়, অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের প্রায় তিন মাস ধরে ওই নারী সহকর্মীকে নিজের কক্ষে নিয়ে যাওয়ার জন্য চাপ দেন। প্রস্তাবে রাজি না হলে বদলি করার হুমকি দেন।

তিনি বলেন, ‘গত তিন মাস আবুল খায়ের স্যার আমাকে উপরের রুমে যাওয়ার কুপ্রস্তাব দেন। না গেলে বদলি করার হুমকি দেন। কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় অফিসের দায়িত্বপূর্ণ কাজ থেকে আমাকে দূরে রাখা হয়েছে।

ওই নারী আরও বলেন, ‘আমি জবাব চাইতে গেলে তিনি আমাকে অপমান করে অশালীন কথা বলেন। এরপর থেকে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।’

অভিযোগ অস্বীকার করেছেন আবুল খায়ের বলেন, ‘সে কুমিল্লা শহরের একটি গ্রুপ মেইনটেইন করে। তাদের ঠিকাদারি কাজ দেওয়ার জন্য চাপ দেয়। গত বৃহস্পতিবার আমার রুমের তালা বন্ধ করে দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাকে বদলি করা হয়। এতে সে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

এ বিষয়ে সিলেট তত্ত্বাবধায়ক প্রকৌশলী অধিদপ্তরের প্রকৌশলী তাইফুর রহমান এশিয়া পোস্টকে বলেন, ‘ওই নারী কর্মচারীর বিরুদ্ধে নির্বাহী প্রকৌশলী আগেই লিখিত অভিযোগ করেছিলেন। অফিসে তিনি সহকর্মীদের সঙ্গে পেশাগতভাবে অসৌজন্যমূলক আচরণ করতেন বলেও অভিযোগ রয়েছে। তাকে পটুয়াখালীতে বদলি করা হয়েছে। তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে, তিনি ব্যাখ্যা দেবেন। তার বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। তিনি আমাকে ফোন করে বারবার সময় দেওয়ার অনুরোধ করেন। বদলির বিষয় আমার দেখার নয়, এটা ঢাকা হেড অফিসের বিষয়।’