অস্ত্র উদ্ধার অভিযান/আশুলিয়ায় পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা

ঢাকার আশুলিয়ায় অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিবর্ষণের মুখে পড়েছে পুলিশ। সন্ত্রাসী শুটার বাপ্পীর অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে এ গুলিবর্ষণ করে বলে জানা গেছে।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার শরীফ মার্কেটের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই আই) রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শরীফ মার্কেটের পঞ্চম তলায় শরীফ নামে একজনের বাসায় অপরাধীরা অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়েই সন্ত্রাসী শুটার বাপ্পী ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। ঘটনায় পুলিশের কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ছোড়া প্রায় ৭ থেকে ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের মোকাবিলায় পুলিশও আত্মরক্ষার্থে ৪ থেকে ৫ রাউন্ড পাল্টা গুলি ছোড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান জানান, পালিয়ে যাওয়া শুটার বাপ্পী ও তার সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পুরো বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে।
.png)






