বগুড়ার শজিমেক হাসপাতালে এসি বিস্ফোরণ

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বহির্বিভাগে এসি বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে চক্ষু বিভাগের মাইনর অপারেশন থিয়েটারের (ওটি) বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের ১৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ বিকট শব্দে কক্ষটির এসি বিস্ফোরিত হয়। এরপর আগুন ছড়িয়ে পড়লে হাসপাতালের কর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন। তারা কক্ষে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে চক্ষু বিভাগের অপারেশনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও চিকিৎসাসামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। ফলে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, এসি বিস্ফোরণের পর চক্ষু বিভাগের অপারেশন থিয়েটারে আগুন লাগে। এতে কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় কেউ হতাহত হননি।

