নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই কিশোরের

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই কিশোরের
তারেক রহমান শিবলু এবং জিহাদ হোসেন। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বালুবাহী পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন।

Advertisement

মঙ্গলবার (২৩ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কের বারীপুকুর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু (১৬) এবং ৯ নম্বর ওয়ার্ডের রহমত উল্যাহর ছেলে জিহাদ হোসেন (১৯)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে কবিরহাট থেকে একটি বালুবাহী পিকআপ ভ্যান সোনাপুরের দিকে যাচ্ছিল। গাড়িটি বারীপুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি পিকআপের নিচে ঢুকে গেলে ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপ ভ্যানসহ চালক মহিউদ্দিনকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পিকআপ ভ্যান ও এর চালক পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় :নোয়াখালী