ঝোপে পড়ে ছিল অটোরিকশা চালকের মরদেহ

ময়মনসিংহে রক্তাক্ত অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের সামনে সড়কের পাশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অটোরিকশা চালকের নাম মো. রাজিব। তিনি একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ছাতিয়ানকান্দা এলাকার মো. এবাদুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর তিনি আর বাড়িতে ফেরেননি। রাত ১টার দিকে চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের সামনে সড়কের পাশের ঝোপে রক্তাক্ত অবস্থায় রাজিবের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
.png)





