logo

আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার
আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার সফরে যাচ্ছেন। আজ বুধবার (১৭ জুন) তার এই সফর ঘিরে মৌলভবাজারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেসেনের সই করা সফরসূচি অনুযায়ী, বুধবার সকাল নয়টায় প্রধানমন্ত্রী ঢাকার বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন।

সকাল সাড়ে নয়টায় তিনি আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে রওনা হবেন।

দুপুর একটায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে দুপুর দুইটায় তিনি মৌলভীবাজার সদর উপজেলার উদ্দেশে রওনা হবেন।

আড়াইটার সময় প্রধানমন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেল সাড়ে তিনটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বিকেল তিনটা ৪৫ মিনিটে সেখানে পৌঁছে সংক্ষিপ্ত বিরতি নেবেন। বিকেল চারটা ৪৫ মিনিটে দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় অংশ নেবেন।

রাজনৈতিক সভা শেষে বিকেল পাঁচটা ৪৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাত আটটা ৩০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন এবং রাত নয়টা ২০ মিনিটে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারেক খন্দকার বলেন, ২০০৪ সালে প্রধানমন্ত্রী তারেক চায়ের দেশ শ্রীমঙ্গল সফর করেছিলেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মীরা উচ্ছ্বসিত।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেন, এটা অত্যন্ত আনন্দের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মৌলভীবাজার জেলায় বিএনপি ক্ষমতায় আসার মাত্র চার মাসের মধ্যে আসছেন। এটা সত্যিই প্রত্যাশার বাইরে। আমরা ভাবতেই পারিনি এত দ্রুত এই সফর হবে।