logo

ময়মনসিংহে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহে যুবককে ছুরিকাঘাতে হত্যা
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

ময়মনসিংহে মাদকসংক্রান্ত বিরোধের জেরে সাদ্দাম হোসেন (৩৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অন্তর (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আকুয়া ভাঙারপুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন ওই এলাকার পান্নু মিয়ার ছেলে। গ্রেপ্তার হওয়া অন্তর একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আকুয়া ভাঙারপুল এলাকায় অন্তরের বসতঘরের দোতলায় যান সাদ্দাম। সেখানে মাদকসংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়। একপর্যায়ে অন্তর ধারালো চাকু দিয়ে সাদ্দামের বুক ও পেটে এলোপাতাড়ি আঘাত করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাদ্দামকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অন্তরকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।