জামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

খুলনায় জামায়াতে ইসলামীর লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এসময় লংমার্চ ফেরত ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা জামায়াত-শিবিরের ২০ কর্মী আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল খালেক (৭০)। তিনি পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন এশিয়া পোস্টকে জানান, খুলনা থেকে লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় ধাক্কায় তিনি নিহত হোন। বাসে থাকা ২০ নেতাকর্মী আহত হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল এবং পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জেল হোসেন।
সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান এশিয়া পোস্টকে বলেন, খুলনার লংমার্চ শেষে ফেরার পথে মৃজাপুর এলাকায় ওই বৃদ্ধাকে বাজাতে জামাত নেতাকর্মীরা থাকা একটি বাস খাদে পড়ে যায়। এসময় আমাদের অন্তত ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতরা সবাই সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন।
