logo

ক্যাম্পাসে টিকটক ভিডিও বানালে আইনি ব্যবস্থা, কলেজ কর্তৃপক্ষের নির্দেশনা

ক্যাম্পাসে টিকটক ভিডিও বানালে আইনি ব্যবস্থা, কলেজ কর্তৃপক্ষের নির্দেশনা
ফেনীর ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ ক্যাম্পাস। ছবি: এশিয়া পোস্ট

ফেনীর দাগনভূঞা উপজেলায় ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের সব ধরনের টিকটক ভিডিও তৈরি নিষিদ্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কলেজে সব বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জানানো যাচ্ছে–কলেজ ক্যাম্পাসে কোনো ধরনের টিকটক ভিডিও করা যাবে না। কোনো শিক্ষার্থী এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, ক্যাম্পাসে সুশৃঙ্খল পরিবেশ ফেরাতে এবং শিক্ষার পরিবেশ ক্ষুণ্ন হওয়া থেকে রক্ষায় টিকটক তৈরি নিষিদ্ধের দাবি জানিয়ে অধ্যক্ষ বরবার লিখিত আবেদন জানান কলেজ ছাত্রদলের নেতারা।

সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক ফায়জানুর রহমান স্বাক্ষরিত স্মারকলিপিতে জানানো হয়, কিছু শিক্ষার্থী কলেজের ইউনিফর্ম পরিহিত অবস্থায় ক্যাম্পাসে টিকটক ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে, যা কলেজের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ব্যাহত করছে।

কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মাসুম বলেন, আমরা স্যারকে অনুরোধ করেছি যেন শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে টিকটক না করে। আমরা অনেককে নিষেধ করা সত্ত্বেও তারা টিকটকে আসক্ত হয়ে পড়ে। চারদিকে কলেজের বদনাম রটে যায়। কলেজ কর্তৃপক্ষের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুলকুতের রহমান বলেন, আমরা আনঅফিসিয়ালি শিক্ষার্থীদের কলেজে ফোন না নিয়ে আসার জন্য অনুপ্রাণিত করি। কিন্তু এখন দেখছি–শিক্ষার্থীরা অতিরিক্তহারে ফোনে আসক্ত হয়ে পড়েছে। তাই তাদের বইমুখী করার লক্ষ্যে কলেজ ক্যাম্পাসে টিকটক নিষিদ্ধ করা হয়েছে।