logo

শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী, কুমিল্লায় প্রস্তুত জনসভা মঞ্চ

শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী, কুমিল্লায় প্রস্তুত জনসভা মঞ্চ
কুমিল্লায় প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চ। ছবি: এশিয়া পোস্ট

আনুষ্ঠানিক সফরে চাঁদপুর যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে কুমিল্লায় করবেন শুভেচ্ছা বিনিময়। জেলাবাসীর উদ্দেশে দেবেন বক্তব্য। এ জন্য প্রস্তুত করা হয়েছে জনসভা মঞ্চ।

শনিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সকাল থেকেই সভাস্থল ও আশপাশের এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হচ্ছেন। অনেককে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে স্লোগান দিতে দেখা গেছে।

সভাস্থলে মঞ্চ নির্মাণ ও সাজসজ্জার কাজ সকাল থেকেই চলতে দেখা যায়। স্টেজ প্রস্তুতের পাশাপাশি সাউন্ড সিস্টেম, বসার ব্যবস্থা ও নিরাপত্তা ঘিরেও চলে ব্যাপক তৎপরতা। সভাস্থলের চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। পাশাপাশি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কসহ আশপাশের বিভিন্ন সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। পথসভার কারণে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর বরুড়ায় কেন্দ্রীয় পর্যায়ের বড় রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তারা আশা করছেন, এই সফরে কুমিল্লার উন্নয়ন, অবকাঠামো ও কুমিল্লা বিভাগ বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা বা ঘোষণা আসতে পারে।