এক কক্ষে মা, আরেক কক্ষে ঝুলছিল মেয়ের মরদেহ

কুমিল্লার চান্দিনা উপজেলায় ঘরের দুই কক্ষ থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, সাত বছরের মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন মা।
রোববার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোজ গ্রামে এই ঘটনা ঘটে।
মৃতরা ওই গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই মেয়ে ও এক ছেলের মা ফারহানা আক্তার। বাবার সঙ্গে ঢাকায় থাকেন ছেলে। দশ বছর বয়সি বড় মেয়ে স্থানীয় একটি মাদরাসায় আবাসিকে থেকে লেখাপড়া করে। বাড়িতে শাশুড়ির সঙ্গে ছোট মেয়েকে নিয়ে থাকতেন ফারহানা। সকালে বাড়ি থেকে বের হন শাশুড়ি কদরবানু। দুপুরে শাশুড়ি বাড়ি ফিরে ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় বাহির থেকে অনেক ডাকাডাকি করেন। একপর্যায়ে কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের মানুষজন ডাকেন তিনি।
প্রতিবেশী রাসেল মজুমদার বলেন, জানালা ভেঙে ঘরের একটি কক্ষের ভেতরে দেখি একটি কক্ষে শিশুর এবং অন্য কক্ষে নারীর ঝুলন্ত মরদেহ। পরে থানায় খবর দিই। ধারণা করা হচ্ছে, শিশু মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে নিজেও আত্মহত্যা করেছেন মা।
চান্দিনা থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।