logo
Advertisement

লিবিয়া থেকে ৯ মাস পর দেশে ফিরল প্রবাসীর মরদেহ

লিবিয়া থেকে ৯ মাস পর দেশে ফিরল প্রবাসীর মরদেহ
লিবিয়াপ্রবাসী তরিকুল ইসলামের কফিন ঘিরে তার স্বজন ও গ্রামবাসীর আহাজারি। ছবি: এশিয়া পোস্ট

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় লিবিয়াপ্রবাসী তরিকুল ইসলাম (২৫) নামের এক যুবকের মরদেহ মৃত্যুর প্রায় নয় মাস পর দেশে পৌঁছেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের গুরুড়া গ্রামের নিজ বাড়িতে তার মরদেহ আনা হয়।

তরিকুল ইসলাম ওই গ্রামের জাহাঙ্গীর প্রামাণিকের ছেলে। পরিবারের আর্থিক সংকট দূর করতে প্রায় সাত বছর আগে জীবিকার সন্ধানে লিবিয়ায় যান তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, লিবিয়ায় অবস্থানকালে গত ৩ জানুয়ারি হঠাৎ তরিকুলের মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক জটিলতা শেষ করতে সময় লাগায় দীর্ঘ নয় মাস পর তাঁর মরদেহ দেশে আনা সম্ভব হয়।

শনিবার দুপুরে বিমানযোগে মরদেহ বাংলাদেশে পৌঁছানোর পর বিকেল চারটার দিকে অ্যাম্বুলেন্সে করে তা গুরুড়া গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ অপেক্ষার পর তরিকুলের লাশ পৌঁছালে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। কফিন জড়িয়ে স্বজনদের আহাজারিতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।

পরে বিকেল পাঁচটায় স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।