logo
Advertisement
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

১২ বছর আগে গুম হওয়া যুবদল নেতা রিপনের সন্ধান চান মা

এশিয়া পোস্ট নিউজ,​ফেনী
১২ বছর আগে গুম হওয়া যুবদল নেতা রিপনের সন্ধান চান মা
গুম হওয়া যুবদল নেতা রিপনের সন্ধান চান তার মা রওশন আরা বেগম। ছবি: এশিয়া পোস্ট

আন্তর্জাতিক গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ফেনীতে মানববন্ধন ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুরে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ফেনী ইউনিটের উদ্যোগে ফেনী প্রেসক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে ১২ বছর আগে গুম হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে দ্রুত উদ্ধার এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তার স্বজনেরা।

Advertisement

পরবর্তীতে ফেনী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় গুম হওয়া রিপনের মা রওশন আরা বেগম বলেন, ২০১৪ সালে আইনশৃঙ্খলা বাহিনীর (র‍্যাব) পরিচয়ে আমার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে তুলে নেওয়া হয়। এর পেছনে ফেনীর তৎকালীন এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সরাসরি জড়িত ছিলেন। দীর্ঘ ১২ বছর ধরে দ্বারে দ্বারে ঘুরেও আমি আমার ছেলের কোনো হদিস পাইনি, এমনকি ওই সময় থানায় মামলা পর্যন্ত নেওয়া হয়নি। বর্তমান সরকারের কাছে আমি আমার ছেলের দ্রুত সন্ধান ও এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই।

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আব্দুর রহিমের সভাপতিত্বে এবং ‘অধিকার’ ফেনী ইউনিটের ফোকাল পার্সন নাজমুল হক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিকারের সদস্য জাফর আহমদ ভূঁইয়া।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সাপ্তাহিক ‘আনন্দ তারকা’র সম্পাদক এম মামুনুর রশিদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, লায়ন্স ক্লাব অব ফেনীর প্রেসিডেন্ট লায়ন জাফর উল্লাহ, সাপ্তাহিক ‘স্বদেশপত্র’ সম্পাদক এন এন জীবন, দৈনিক ‘অজেয় বাংলা’র শাহজালাল ভূঁইয়া, সামাজিক সংগঠন ‘ফেয়ার’-এর প্রতিষ্ঠাতা কাজী সালাউদ্দিন নোমান, এবি যুব পার্টির ইব্রাহিম সোহাগ, গুমের শিকার রিপনের বড় ভাই মাহফুজুর রহমান সোহাগ এবং চাচা ওয়াহিদুর রহমানসহ অনেকে।

বিষয় :