logo

পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আ.লীগ নেতাকে

পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আ.লীগ নেতাকে
মানচিত্রে চুয়াডাঙ্গা। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। হামলায় পুলিশের দুইজন সদস্য আহত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় ঘটনাটি ঘটে।

ছিনিয়ে নেওয়া আবু ছিদ্দিক কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবু ছিদ্দিককে গ্রেপ্তার করার জন্য বুধবার রাতে চণ্ডীপুর এলাকায় অভিযান চালায় দর্শনা থানার একটি দল। গ্রেপ্তার করার পরে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় পরিবারের সদস্যরা।

পুলিশের দাবি, হামলায় তাদের দুই সদস্য আহত হয়। হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান আবু ছিদ্দিক। এ ঘটনায় লক্ষ্মণ, ফিরোজ, কণা ও সোনালী নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে গ্রেপ্তার করতে গেলে পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। আমাদের দুইজন সদস্য আহত হয়েছেন। তাকে পুনরায় গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।