logo

নির্বাচন-পরবর্তী সহিংসতা ঠেকাতে মোটরসাইকেল শোভাযাত্রা, সতর্কবার্তা

নির্বাচন-পরবর্তী সহিংসতা ঠেকাতে মোটরসাইকেল শোভাযাত্রা, সতর্কবার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে ঝিনাইদহ-৪ আসনের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা ও মাইকিং করে জনসাধারণকে সতর্ক করেছে উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হয়।

জানা গেছে, কালীগঞ্জ উপজেলার জামাল, কোলা, নিয়ামতপুর ইউনিয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় সহিংসতা প্রতিরোধে এই সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আলিয়ার রহমানের নেতৃত্বে আয়োজিত এ বহরে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের একটি দলও উপস্থিত ছিল।

এ সময় মাইকিং করে এলাকাবাসীর উদ্দেশে মোহাম্মদ আলিয়ার রহমান বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন হাতে তুলে নিয়ে কেউ বাঁচতে পারবেন না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।

স্থানীয়রা জানান, নির্বাচন-পরবর্তী সময়ে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জামায়াতের এই উদ্যোগকে তারা ইতিবাচকভাবে দেখছেন এবং এলাকায় শান্তি বজায় রাখতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান এবং কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজকে পরাজিত করে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবু তালিব সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

নির্বাচনের পর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও প্রশাসনের এমন উদ্যোগ এলাকায় স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে সচেতন মহল মনে করছেন।