মেহেরপুরে আবুল কাশেম বয়াতির স্মরণে জারিগানের আসর

গ্রামীণ লোকসংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে মরহুম আবুল কাশেম বয়াতির স্মরণে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী জারিগানের আসর।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে মেহেরপুর ও কুষ্টিয়ার বয়াতিরা কারবালার শোকগাথা, ধর্মীয় কাহিনি ও বনবাসের পালা পরিবেশনের মাধ্যমে লোকজ ঐতিহ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে কারবালার ঘটনা নিয়ে জারিগান পরিবেশন করেন সেলিম রেজা বয়াতি। এ ছাড়া কুষ্টিয়ার দৌলতপুর থেকে আসা আনারুল বয়াতি পরিবেশন করেন বনবাসের পালা। গানের সুর ও তালে দোহার এবং বাদ্যযন্ত্রে সঙ্গ দেন দুই দলের শিল্পীরা।
আয়োজক সাগর বয়াতি জানান, তার বাবা আবুল কাশেম বয়াতির মৃত্যুর পর থেকে গ্রামীণ ঐতিহ্য বজায় রাখতে তিনি নিয়মিত এ ধরনের আসরের আয়োজন করে আসছেন।
তিনি আরও বলেন, জারিগানের প্রসারে সরকারি পৃষ্ঠপোষকতা এবং জেলা পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে বয়াতিদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা জরুরি। এতে নতুন প্রজন্ম এই লোকসংগীত সম্পর্কে জানতে পারবে।
বয়াতিরা জানান, জারিগানে ধর্মীয় ও ঐতিহাসিক কাহিনির পাশাপাশি আধ্যাত্মিকতা, প্রেম-বিচ্ছেদ ও সামাজিক নানা বিষয় তুলে ধরা হয়। সাধারণত প্রধান বয়াতির গাওয়া গানের রেশ ধরে দোহাররা গান ধরেন। কোনো কোনো আসরে দুই দলের মধ্যে পাল্লা বা প্রতিযোগিতার আয়োজনও করা হয়।
