প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ: শাহে আলম

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ: শাহে আলম
‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার বগুড়ার শিবগঞ্জ থেকে। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনকল্যাণমুখী উন্নয়নের পথে দেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টায় সমতল অঞ্চলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান সমৃদ্ধ করার লক্ষ্যে বাস্তবায়িত ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের লক্ষ্য হলো, সমাজের প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা।

অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই জীবিকায়নের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

এদিন ঐচ্ছিক তহবিল থেকেও অসহায় ও দুস্থদের আর্থিক সহায়তা দেন মীর শাহে আলম। এ সময় তিনি বলেন, মানবিক রাষ্ট্র গঠনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বিএনপি সরকারের অন্যতম অঙ্গীকার। এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।