নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার: শাহে আলম

এশিয়া পোস্ট নিউজ
নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার: শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

শুধু অবকাঠামো নির্মাণ নয়, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাও সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সেই লক্ষ্যেই খাল পুনঃখননের পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে বগুড়ার ময়দানহাট্টা ইউনিয়নের বড়াইল–বাকসন খালের দুই পাশের সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে হাজারো মানুষের উপস্থিতি।  ছবি: সংগৃহীত
প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে হাজারো মানুষের উপস্থিতি। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, দীর্ঘ ২০ বছর বগুড়া নানা ক্ষেত্রে অবহেলা ও বৈষম্যের শিকার হয়েছে। বর্তমান সরকার সেই বঞ্চনার অবসান ঘটিয়ে বগুড়ার উন্নয়নকে জাতীয় উন্নয়নের ধারার সঙ্গে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে।

এর আগে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পুনঃখনন করা বড়াইল–বাকসন খালের দুই পাশের সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ সময় স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিষয় :বগুড়া