logo

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা: ৪ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা: ৪ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

কুমিল্লার সদর দক্ষিণে পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় রেললাইনে উঠে পড়া বাসে ট্রেনের ধাক্কার ঘটনায় চার ঘণ্টা বন্ধ থাকার পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। উদ্ধার তৎপরতা শেষে লাইন থেকে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নেওয়ার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।

এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় কুমিল্লা সদর দক্ষিণ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ১২ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুজন শিশু ও তিনজন নারী রয়েছেন। দুর্ঘটনায় আহত হন আরও ২৪ জন।

দুর্ঘটনার পরপরই রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে, ফলে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্থবির হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। উদ্ধারকাজে ফায়ার সার্ভিস, পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ অংশ নেয়। দীর্ঘ সময় চেষ্টার পর দুর্ঘটনাকবলিত বাসটি রেললাইন থেকে সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

চট্টগ্রাম রেলওয়ে বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, এখন রেল চলাচল স্বাভাবিক আছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আমরা দুটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।