logo

অবরুদ্ধ এমপি-ইউএনও-ওসিকে উদ্ধার করল সেনাবাহিনী

অবরুদ্ধ এমপি-ইউএনও-ওসিকে উদ্ধার করল সেনাবাহিনী

মেহেরপুরের গাংনী উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভায় হামলার ঘটনা ঘটেছে। এক জামায়াত নেতার অংশ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা সভাকক্ষে ঢুকে ভাঙচুর করে। এ সময় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবরুদ্ধ হয়ে পড়েন। বিজিবি ও র‍্যাবের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী।

বুধবার (৪ মার্চ) দুপুরে গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা মুহা. আলম হুসাইন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন। দুপুর সোয়া ১টার দিকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাকক্ষে প্রবেশ করেন। তারা আলম হুসাইনের বিরুদ্ধে ফ্যাসিবাদী সম্পৃক্ততার অভিযোগ তুলে সভা থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন।

এ সময় সভাকক্ষে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আনোয়ার হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাসসহ বিএনপি ও জামায়াতের উপজেলা পর্যায়ের নেতারা। উত্তেজনার একপর্যায়ে কয়েকজন হামলাকারী চেয়ার তুলে মারতে উদ্যত হন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে বিজিবি ও র‍্যাবের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি স্বাভাবিক করে।

ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে উপস্থিত মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা বলেন, উপজেলার সর্বোচ্চ প্রশাসনিক ও আইনশৃঙ্খলার ব্যক্তিদের উপস্থিতিতে এমন ঘটনা নজিরবিহীন। জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে হবে। আজকের ঘটনা বাংলাদেশের ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে।

সভায় উপস্থিত গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু ও পৌর বিএনপির সভাপতি মকবুল মেঘলা ঘটনার তীব্র নিন্দা জানান।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, ফ্যাসিস্ট আমলে এমন ঘটনার শিকার আমি নিজেও হয়েছি। আমাদের সময়ে এর পুনরাবৃত্তি হবে এটা কখনোই আশা করিনি।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, যেহেতু আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ইউএনও, তার পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সভা শেষে ইউএনও আনোয়ার হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।