মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, নিখোঁজ ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে রাশিদা নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
নিখোঁজরা হলেন হেলাল, তার ছেলে সজিব, মেয়ে সামিয়া ও ছোট মেয়ে সামিন। নিহত রাশিদাও তাদের সঙ্গেই ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার শ্রীমন্দী গ্রাম থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গরু-ছাগলসহ ১৩ জন যাত্রী একটি ট্রলারে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারের উদ্দেশে রওনা হন। বিকেলে মেঘনা নদীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে ট্রলারটি হঠাৎ ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।
এ সময় যাত্রীদের মধ্যে আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে স্থানীয়রা রাশিদাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে অন্ধকারের কারণে প্রাথমিক উদ্ধার কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের ডুবুরি দল নদীতে তল্লাশি শুরু করে। তবে রাত হয়ে যাওয়া ও নদীতে প্রাবল স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল। ফলে সাময়িকভাবে অভিযান স্থগিত রাখা হয়েছে, শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।
