এশিয়া পোস্টে সংবাদ প্রকাশ, সেই খাদ্য কর্মকর্তাকে বদলি

পিরোজপুরের জিয়ানগরে উপজেলা পরিষদের পুকুর থেকে অনুমতি ছাড়া মাছ ধরে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার হাতে আটক হওয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কে এম মামুনুর রহমানের মাছ নিলামে বিক্রির ঘটনার পর তাকে বদলি করা হয়েছে। তার জব্দ করা প্রায় ২০ কেজি মাছ সেদিন উপজেলা প্রশাসন নিলামে বিক্রি করেছিল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জিয়ানগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওয়ালিউর রহমান রুবেল।
এর আগে, গত ১৭ অক্টোবর এশিয়া পোস্টে ‘সরকারি পুকুরের মাছ ধরে বাড়ি নিয়ে যাওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। পরদিন ১৮ অক্টোবর খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপপরিচালক মো. ফজলে রাব্বি হায়দারের সই করা এক প্রজ্ঞাপনে ওই খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মামুনুর রহমানকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বদলি বা পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রশাসনিক প্রয়োজনে মামুনুর রহমানকে বদলি করা হয়েছে এবং এই আদেশে সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালকের সদয় অনুমোদন রয়েছে।
গত ১৬ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের পুকুর থেকে বড়শি দিয়ে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরেন ওই কর্মকর্তা। পরে একই দিন রাতে মাছগুলো ককসিটে করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা টের পেয়ে তাকে মাছসহ আটক করে পুলিশে খবর দেন। পুলিশ সদস্যরা এসে রাত ১২টার দিকে উপজেলা খাদ্য গুদাম থেকে মাছগুলো উদ্ধার করে উপজেলা প্রশাসনের হেফাজতে নেন। এ সময় স্থানীয় সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে অভিযুক্ত ওই খাদ্য কর্মকর্তা তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ ওঠে। এরপর থেকেই মামুনুর রহমান গা ঢাকা দেন এবং তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
