ঝিনাইদহে ব্রিজ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে ব্রিজের নিরাপত্তাবেষ্টনী (গার্ডারওয়াল) না থাকায় বাইসাইকেলসহ নিচে পড়ে আবুল হোসেন (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভবনগর এলাকার ভাওনের খালের ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আবুল হোসেন মহেশপুর উপজেলার স্বরূপপুর পশ্চিমপাড়া গ্রামের বাহার উদ্দীনের ছেলে।
স্থানীয় যুবক নাজমুল হোসেন জানান, বৃদ্ধ আবুল হোসেন প্রতিদিনের মতো মাছ ধরার উদ্দেশ্যে সকাল ১০টার দিকে ভবনগর বাজার থেকে চা পান করে বাইসাইকেলে বিলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভবনগর ভাওনের খালের ব্রিজে উঠতেই নিরাপত্তাবেষ্টনী না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলসহ সরাসরি নিচে পড়ে যান। ব্রিজের নিচে থাকা মাছ ধরার বাঁশের বেড়ার ওপর গিয়ে পড়লে মাথায় আঘাত পান তিনি। আঘাতের তীব্রতায় পানির মধ্যেই তার মৃত্যু হয়। দুপুর ১২টার দিকে পথচারীরা ব্রিজের নিচে লাশ ও বাইসাইকেল পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের কাজ শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বৃদ্ধ আবুল হোসেনের মাছ ধরার নেশা ছিল। ধারণা করা হচ্ছে, তিনি মাছ ধরতে অথবা খালের পানিতে মাছের উপস্থিতি দেখতে গিয়ে ব্রিজের ওপর থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান। নিচে থাকা বাঁশের বেড়ার সাথে আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
এদিকে স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, অরক্ষিত ও গার্ডারওয়ালহীন এই ব্রিজে চলাচলের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই চরম ঝুঁকি ছিল। দ্রুত এখানে নিরাপত্তাবেষ্টনী নির্মাণ করা না হলে আরও বড়ো দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
.png)




-a6e156.jpg)
