প্রত্যাহার বাতিলের দাবিতে ডিসির গাড়ি আটকে বিক্ষোভ

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই যোদ্ধারা।
সোমবার সকাল ১০টার দিকে শহরের মজমপুর গেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশ চলাকালে জেলা প্রশাসক একটি সভায় যোগ দিতে কার্যালয় থেকে বের হলে বিক্ষোভকারীরা গাড়িসহ তাকে প্রায় এক ঘণ্টা ঘিরে রাখেন। পরে জোহরের নামাজ ও জরুরি বৈঠকের বিষয়টি উল্লেখ করে বিশেষ অনুরোধ করলে শিক্ষার্থীরা তাকে যেতে দেন।
সমাবেশে বক্তারা বলেন, জেলা প্রশাসক ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ দ্রুত বাতিল করে তাকে কুষ্টিয়াতেই বহাল রাখতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে রোববার (১ মার্চ) রাতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
এর আগে রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুষ্টিয়াসহ চার জেলার জেলা প্রশাসককে প্রত্যাহারপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।