logo

কিশোরীদের সুরক্ষা ও নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: চিফ হুইপ

কিশোরীদের সুরক্ষা ও নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: চিফ হুইপ
পাথরঘাটায় ‘কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ’ বিষয়ক পরামর্শ কর্মশালায় বক্তব্য রাখছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ছবি: এশিয়া পোস্ট

কিশোরীদের সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ‘কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ’ শীর্ষক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড চালু করেছেন। পাশাপাশি তিনি নারীদের জন্য বিনামূল্যে পড়াশোনা ও উপবৃত্তির ব্যবস্থা করেছেন। মেয়েরা যেন শিক্ষার মাধ্যমে নেতৃত্ব দিতে পারে, সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

সমাজে অর্থের গুরুত্ব তুলে ধরে নূরুল ইসলাম মনি বলেন, আল্লাহর পরে সমাজে যার শক্তি বেশি, তার নাম টাকা। যার টাকা নেই, সমাজে তার কোনো মূল্য নেই। দরজা দিয়ে অভাব ঘরে ঢুকলে জানালা দিয়ে প্রেম পালিয়ে যায়।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যার আর্থিক সামর্থ্য রয়েছে এবং যিনি বিদ্যালয়ের ভবন নির্মাণ ও বই কেনায় সহযোগিতা করতে পারবেন, তাকেই সভাপতি করা হবে।

বিদ্যুৎ সমস্যার সমাধানে লংমার্চের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে চিফ হুইপ বলেন, লংমার্চ করলে যদি বিদ্যুৎ মিলত, তবে প্রধানমন্ত্রী নিজেই সবার আগে লংমার্চ করতেন, আমিও আপনাদের নিয়ে লংমার্চ করতাম। যারা লংমার্চ করছেন, তারা কি বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারবেন?