বরগুনায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুলাভাই-শ্যালক নিহত

বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) রাতে আটটার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া গ্রামের মধু হাওলাদারের ছেলে মো. সজীব ও তার শ্যালক সাইফুল ইসলাম।
আহত হয়েছেন সাইফুল ইসলামের ছোট ভাই আছাদুল ইসলাম। বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলীর শাখারিয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে সজীব হাওলাদারের সঙ্গে তার দুই শ্যালক সাইফুল ইসলাম ও আছাদুল ইসলাম কলাপাড়ার দিকে যাচ্ছিলেন। শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে দক্ষিণ দিকে কুয়াকাটা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ‘গাজী সম্রাট পরিবহন’ মোটরসাইকেলটিকে চাপা দেয়।
ঘটনাস্থলে মোটরসাইকেল চালক সজীব হাওলাদারের মৃত্যু হয়। আহত অবস্থায় সাইফুল ইসলাম ও আছাদুল ইসলামকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলামের মৃত্যু হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
