logo

বাগেরহাটে বিএনপি ও নিষিদ্ধ আ.লীগের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

বাগেরহাটে বিএনপি ও নিষিদ্ধ আ.লীগের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ
মোল্লাহাটের মধুমতি ব্রিজ এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া। ছবি : ভিডিও থেকে নেওয়া

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মধুমতি ব্রিজ এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় সেতু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মধুমতি সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

আহত রুমান মোল্লা (৩৫) মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের মিলু মিয়া মোল্লার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দুপুর থেকেই মধুমতি সেতু এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাশের গোপালগঞ্জ জেলা থেকে মশাল হাতে আওয়ামী লীগের একদল নেতাকর্মী মিছিল নিয়ে মধুমতি সেতুতে পৌঁছালে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।

আতঙ্কে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। ছবি : এশিয়া পোস্ট
আতঙ্কে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। ছবি : এশিয়া পোস্ট

প্রত্যক্ষদর্শীদের দাবি, সেতুতে আগে থেকে অবস্থান নেওয়া বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা মিছিলকারীদের ধাওয়া দেন। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর হন। সংঘর্ষ থামাতে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে গোপালগঞ্জ থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটেন।

ঘটনার পর বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে মধুমতি সেতু ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।