টাঙ্গাইলে ১৪৪ ধারা ভঙ্গ করে দুই গ্রামবাসীর সংঘর্ষ

টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় ১৪৪ ধারা ভঙ্গ করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জুন) সকালে নলীন বাজার, জগৎপুরা মধ্যপাড়া ও জগৎপুরা দক্ষিণপাড়ায় তিন দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে গোপালপুর উপজেলার গুলিপেচা এবং ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভূঞাপুর-তারাকান্দি সড়কের পাশে দুই উপজেলার গুলিপেচা ও জগৎপুরা গ্রামের অবস্থান। বৃহস্পতিবারের সংঘর্ষের পর সহিংসতা এড়াতে প্রশাসন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গুলিপেচা এবং ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় ১৪৪ ধারা জারি করে।
শুক্রবার সকালে আদেশ অমান্য করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। অন্তত ২০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। সংঘর্ষে মারা যাওয়া ব্যক্তির ময়নাতদন্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।
গত ২২ এপ্রিল নলীন বাজারের একটি দোকানে বাকিতে পণ্য কেনাকে কেন্দ্র করে গুলিপেচা ও জগৎপুরা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকেলে দুই গ্রামের লোকজন আবার সংঘর্ষে জড়ান। দেশীয় অস্ত্র নিয়ে তারা হামলা চালান। এতে অন্তত ১৫ জন আহত হন। ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কালাম তালুকদার নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভূঞাপুর নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান জানান, ১৪৪ ধারা উপেক্ষা করে সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত। পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।



