হাত-পা ও মুখে কষ্টেপ বাঁধা অবস্থায় শিশুর মরদেহ মিলল ছাদে

সাভারের আশুলিয়ায় বাসা-বাড়ির ছাদ থেকে হাত-পা ও মুখ কস্টেপে বাঁধানো অবস্থায় পাঁচ বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার ভাদাইল পশ্চিমপাড়া এলাকার হারুনুর রশিদের চারতলা বাড়ির ছাদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু আব্দুর রহমান জামালপুর জেলার বাসিন্দা মো. শহিদের ছেলে। শহিদ পরিবার নিয়ে ভাদাইল পশ্চিমপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলের পর থেকে শিশু আব্দুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাসার ছাদে তার হাত-পা ও মুখ কস্টেপ পেঁচানো এবং বস্তাবন্দি নিথর দেহ দেখতে পান স্বজনেরা। খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিক আলামত দেখে নিশ্চিত করেছে পুলিশ।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক-তদন্ত) আজগর আলী জানান, বাহ্যিক আলামত দেখে এটি নিশ্চিত একটি হত্যাকাণ্ড। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। নির্মম এই হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশের তদন্ত চলছে।



