রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ না হলে হরতালের হুঁশিয়ারি

গ্রাহকের সম্মতি ছাড়া প্রিপেইড মিটার স্থাপন বন্ধ না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ হরতালের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রংপুর আদালত চত্বরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সদস্যসচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।
প্রিপেইড মিটার স্থাপনসংক্রান্ত একটি মামলার শুনানি শেষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পলাশ কান্তি নাগ বলেন, গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ গ্রাহকদের মতামত নিয়ে প্রিপেইড মিটার স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এর আগে গ্রাহকদের সম্মতি ছাড়া নগরীর বাসাবাড়িতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করতে হবে।
তিনি বলেন, দাবি বাস্তবায়ন না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে হরতালের মতো কর্মসূচিও পালন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য আব্দুল জব্বার সরকার, এবিএম মসিউর রহমান, বিজয় প্রসাদ তপু, মাহাবুব আলম, সবুজ রায়, সানজিদা আক্তারসহ অন্যরা।
