আগে চিকিৎসা দরকার হাসপাতাল সড়কের!

এশিয়া পোস্ট নিউজ, রাজবাড়ী
আগে চিকিৎসা দরকার হাসপাতাল সড়কের!
হাসপাতাল সড়কের বেহাল দশা। ছবি: এশিয়া পোস্ট

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের প্রধান সংযোগ সড়কটির বেহাল দশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন রোগী, স্বজন ও সাধারণ মানুষ। ভাঙাচোরা রাস্তা, বড় বড় গর্ত আর সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হওয়া হাঁটুসমান জলাবদ্ধতার কারণে জরুরি রোগীদের হাসপাতালে নিতে গিয়ে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, চিকিৎসা পাওয়ার আগেই হাসপাতালগামী এই সড়কে শুরু হয় রোগীদের চরম ভোগান্তি।

জানা যায়, রাজবাড়ী পৌরসভার ২ নম্বর রেলগেট থেকে জেলা সদর হাসপাতাল পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ ও অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অনেক সময় রাস্তার গর্ত পানির নিচে তলিয়ে থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।

শুধু হাসপাতাল সড়কই নয়, সামান্য বৃষ্টিতেই রাজবাড়ী শহরের কারিগরি বিদ্যালয় এলাকা, সদর হাসপাতাল ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে, সারের গুদাম, বিদ্যুৎ কার্যালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল কার্যালয়, কাজীকান্দা, সেগুনবাগিচা, বালিকা উচ্চ বিদ্যালয় মোড় এবং জাতীয় ব্যাংক মোড়সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে হাসপাতাল সড়কের দুরবস্থা সবচেয়ে বেশি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা জানান, জরুরি বিভাগে পৌঁছাতে অনেক সময় পানি মাড়িয়ে যেতে হয়। এতে রোগীদের কষ্ট যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।

সড়কের বেহাল দশা। ছবি: সংগৃহীত
সড়কের বেহাল দশা। ছবি: সংগৃহীত

স্থানীয় বাসিন্দা কাজী শাওন বলেন, কয়েক বছর ধরে এই সড়কের অবস্থা খুবই খারাপ। বৃষ্টি হলেই রাস্তা আর গর্ত বোঝা যায় না। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ ব্যবহার করলেও কার্যকর সংস্কার হয়নি।

রিকশাচালক নাজিম উদ্দিন মণ্ডল বলেন, অসুস্থ রোগী নিয়ে এই রাস্তায় চলাচল করা খুব কষ্টকর। অনেক সময় মনে হয় রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই আরও অসুস্থ হয়ে পড়ছেন। গর্ভবতী রোগীদের নিয়ে চলাচল করাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

একজন ব্যাটারিচালিত রিকশাচালক বলেন, এই রাস্তার ঝাঁকুনিতে অনেক রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই বেশি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দা সুব্র চন্দ্র শীল বলেন, এই রাস্তার কারণে মাঝেমধ্যেই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। আমরা দ্রুত সড়কটির সংস্কার চাই।

পৌরসভা সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ রাজবাড়ী সদর হাসপাতাল সড়কসহ পৌর এলাকার তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। প্রকল্পের আওতায় ১ নম্বর রেলগেট থেকে জনস্বাস্থ্য মোড় হয়ে ২ নম্বর রেলগেট ও সদর হাসপাতাল পর্যন্ত মোট ১ হাজার ৬৭৬ মিটার ঢালাই সড়ক, ফুটপাত এবং নর্দমা নির্মাণের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

রাজবাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. ইদ্রিস আলী সরদার বলেন, সড়ক ও নর্দমা নির্মাণকাজ চলমান রয়েছে। তবে বর্ষা মৌসুমের কারণে কাজের গতি কিছুটা ব্যাহত হচ্ছে। প্রকল্পের মেয়াদ ১৫ মাস। আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে দৃশ্যমান অগ্রগতি হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা চলছে।

স্থানীয়দের দাবি, উন্নয়নকাজ চললেও দ্রুত গতিতে কাজ শেষ করে হাসপাতালগামী এই গুরুত্বপূর্ণ সড়কটি জনভোগান্তিমুক্ত করা হোক, যাতে চিকিৎসা নিতে আসা মানুষকে আর হাসপাতালের আগেই দুর্ভোগের শিকার হতে না হয়।

বিষয় :রাজবাড়ী