logo

মাঝনদীতে চলন্ত নৌকায় যমজ সন্তানের জন্ম দিলেন মা

মাঝনদীতে চলন্ত নৌকায় যমজ সন্তানের জন্ম দিলেন মা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাঝনদীতে চলন্ত নৌকায় এক প্রসূতি যমজ সন্তানের জন্ম দেন। ছবি : এশিয়া পোস্ট

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদের মাঝনদীতে চলন্ত নৌকায় যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ী ঘাট থেকে একটি নৌকা ছেড়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে নৌকাটি নদীর মাঝপথে পৌঁছালে ওই নারীর প্রসবব্যথা শুরু হয়। এ সময় নৌকায় থাকা যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে নৌকার মধ্যেই তিনি যমজ সন্তানের (প্রথমে ছেলে ও পরে মেয়ে) জন্ম দেন।

ওই প্রসূতির স্বামীর নাম মনোয়ার হোসেন। তিনি জিগাবাড়ী গ্রামের তৈয়ব আলীর ছেলে।

মনোয়ার হোসেন বলেন, অসুস্থ স্ত্রীকে নিয়ে নৌকায় যাওয়ার পথে হঠাৎ তার প্রসবব্যথা শুরু হয়। নদীর মাঝখানে থাকায় কিছুটা দুশ্চিন্তায় পড়ে যাই। পরে নৌকাতেই আমার স্ত্রী যমজ সন্তানের জন্ম দেন। আল্লাহর রহমতে সুস্থ সন্তানদের মুখ দেখতে পেরেছি।

নৌকায় থাকা এরেন্ডাবাড়ী এলাকার বাসিন্দা ফজলে রাব্বী বলেন, হঠাৎ ওই নারীর প্রসবব্যথা শুরু হলে নৌকায় থাকা সবাই চিন্তিত হয়ে পড়েন। নদীর মাঝখানে থাকায় দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগ ছিল না। পরে নৌকাতেই যমজ সন্তানের জন্ম হয়।

এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ বলেন, মাঝনদীতে নৌকায় যমজ সন্তান জন্মের বিষয়টি জেনেছি। চরাঞ্চলের মানুষের জন্য জরুরি প্রসূতিসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ ধরনের পরিস্থিতিতে মা ও নবজাতকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।