logo

যৌতুকের জন্য নির্যাতন: গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক 

যৌতুকের জন্য নির্যাতন: গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শাহিদা খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যৌতুকের টাকার জন্য স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, শনিবার সকালে উপজেলার ঘাটিনা দক্ষিণপাড়া এলাকায় আহত অবস্থায় শাহিদা খাতুনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শাহিদা খাতুন একই জেলার বেলকুচি উপজেলার আজগড়া জামতৈল গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। প্রায় এক বছর আগে উল্লাপাড়া উপজেলার ঘাটিনা দক্ষিণপাড়া গ্রামের আকবর আলীর ছেলে অন্তরের সঙ্গে তার বিয়ে হয়।

শাহিদার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের টাকা দাবি করে আসছিল অন্তর ও তার পরিবার। যৌতুকের টাকা না পেয়ে শাহিদাকে তারা শারীরিক নির্যাতন করত।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মারধরের কারণে গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।