logo

ইফতার শেষে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ

ইফতার শেষে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে ছাতক পৌর শহরের পেপার মিল এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে রাতে টর্চ লাইট জ্বালিয়ে দুপক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া জানান, আধিপত্য বিস্তার নিয়ে ছাতক পৌরসভার দক্ষিণ বাগবাড়ির লেবার পাড়া এলাকার কাউন্সিলার আসাদ মিয়া ও পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিনের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার ইফতারের পর তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতেই দুপক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।

 

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এশিয়া পোস্টকে বলেন, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের ১০-১৫ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।