Advertisement

ফরিদপুরে মাদক বিক্রির সময় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, ফরিদপুর
ফরিদপুরে মাদক বিক্রির সময় স্বামী-স্ত্রী গ্রেপ্তার
গ্রেপ্তার স্বামী-স্ত্রী। ছবি: এশিয়া পোস্ট

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় এক দম্পতিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মধুখালী থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিম আড়পাড়া গ্রামের তোরাপ মোল্লার ছেলে বাকেল মোল্লা ওরফে বাপ্পি (৩৫) এবং তার স্ত্রী নুরজাহান আক্তার উর্মি (২৭)। উর্মি মৃত আব্দুল আজিজ মোল্লার মেয়ে।

পুলিশ জানায়, রোববার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম আড়পাড়ায় ওই দম্পতির নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক বিক্রির সময় হাতেনাতে তাদের আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়ে মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে এএসআই আশরাফুল আলম, এএসআই প্রমথ শিকদার, এএসআই শিমুল শিকদার ও নারী কনস্টেবল রুমা আক্তারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে মাদক বিক্রির সময় বাকেল মোল্লা ও তার স্ত্রীকে ইয়াবাসহ আটক করা হয়।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, গ্রেপ্তারকৃত বাকেল মোল্লা ওরফে বাপ্পির বিরুদ্ধে পূর্বেও মাদকসংক্রান্ত প্রায় এক ডজন মামলা রয়েছে। এই ঘটনায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার সকালে তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

বিষয় :ফরিদপুর