চরিত্র না বদলালে ফ্যাসিবাদের দোসরদের চাকরি করার দরকার নেই: বিমানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারের আমলে অন্যায় নির্দেশ পালনকারী কর্মকর্তাদের ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ফ্যাসিস্ট আমলে যা হয়েছে, তা আমরা জানি। ফ্যাসিবাদের দোসররা যদি তাদের চরিত্র পরিবর্তন করতে না পারে, তবে তাদের আর চাকরি করার দরকার নেই।
সোমবার (৩১ আগস্ট) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সুশাসন নিশ্চিতকরণ সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিমান ও পর্যটনমন্ত্রী বলেন, জনগণের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা একসঙ্গে কাজ না করলে উন্নয়ন সম্ভব নয়। অতীতের ভুল পেছনে ফেলে নতুন করে কাজ শুরু করতে হবে। বিগত ২০ বছরের যে ক্ষতি হয়েছে, আগামী ৫ বছরে তা পূরণ করতে হবে। আমরা আর পেছনে তাকাতে চাই না।
সভায় মাদক, জুয়া ও ধর্ষণের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরে তিনি বলেন, মাদকের বিস্তার রোধে প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করা হবে। জামিনে গিয়ে অপরাধীরা যেন পার না পায়, সে বিষয়ে আজ বিকেলেই মন্ত্রিসভার বৈঠকে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলব। প্রয়োজনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, আমরা যদি আমাদের নির্বাচনি ইশতেহার পূরণ করতে পারি, তাহলে জনগণ তাদের প্রাপ্যতা বুঝে পাবে। একই সাথে সরকারের প্রতি জনগণের যে আশা-আকাঙ্ক্ষা রয়েছে, তা পূর্ণতা পাবে। যদি আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে করতে না পারি, তাহলে জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে।
জেলাজুড়ে আইনশৃঙ্খলা ও উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহের স্বচ্ছতা ও সুশাসনের সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করার লক্ষ্যে আপনাদের আন্তরিকতা অত্যন্ত প্রয়োজন। আশা করব, আপনারা আন্তরিকতা ও সততার মাধ্যমে আপনাদের দায়িত্বটুকু পালন করবেন। বিশেষ করে মাদক ও চোরাচালানের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
সভায় ময়মনসিংহ বিভাগের অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) মডেলে প্রশস্তকরণ, শম্ভুগঞ্জ বাজারের সার গুদাম মেরামত, বিভাগীয় শহরের রাস্তা সম্প্রসারণ এবং ময়মনসিংহে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসাসেবার মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া এ বছরের মধ্যেই সরকার অত্যন্ত স্বল্প খরচে ৩ লাখ যুবকের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। একই সঙ্গে অসচ্ছল পরিবারের ১০ হাজার যুবককে সম্পূর্ণ বিনামূল্যে বিদেশে পাঠানো হবে বলেও সভায় জানানো হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকন প্রমুখ।


