Advertisement

আওয়ামী লীগ নেতা মাসুম গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, নীলফামারী
আওয়ামী লীগ নেতা মাসুম গ্রেপ্তার
গ্রেপ্তার মাসুম আহমেদ। ছবি : সংগৃহীত

নীলফামারীর ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা মাসুম আহমেদকে (৩৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলবুর রহমান।

এর আগে, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ডোমার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার মাসুম আহমেদ পশ্চিম চিকনমাটি পল্টনপাড়া এলাকার মৃত মসলেম উদ্দীনের ছেলে। তিনি ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ডোমার সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান।

মাসুম আহমেদের বড় ভাই আবুল কালাম দাবি করেন, রাতে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন এসে তাকে তুলে নিয়ে যায়। তার বিরুদ্ধে থাকা আগের সব মামলায় তিনি জামিনে ছিলেন। এরপরও কেন তাকে আটক করা হলো, সে বিষয়ে পরিবার কিছু জানে না।

এদিকে শুক্রবার বিকেল পর্যন্ত ডোমার থানা পুলিশও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানত না বলে গুঞ্জন ওঠে। বিষয়টি স্পষ্ট করে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলবুর রহমান জানান, জলঢাকা থানায় দায়ের করা একটি নিয়মিত মামলায় আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মাসুম আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।