রাজনৈতিক মতাদর্শের কারণে কারও যেন ক্ষতি না হয়: স্পিকার

রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতার কারণে দেশের কোনো নাগরিককে যেন ক্ষতির সম্মুখীন হতে না হয়–এমন আশাবাদ ব্যক্ত করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আশা করছি দল-মত নির্বিশেষে সবার জন্য সুশাসন প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক মতাদর্শের কারণে দেশের কোনো মানুষের যেন ক্ষতি না হয়, সেটাই আমরা চাই।
শনিবার (১৮ এপ্রিল) সকালে ভোলা সার্কিট হাউসে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন বলেন, প্রায় ১৬/১৭ বছর বাংলাদেশ গণতন্ত্রের দেখা পায়নি। অবশেষে গণতন্ত্রের বিজয় হয়েছে। বর্তমান বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া উন্নয়ন সম্ভব না। বাংলাদেশের মানুষ অন্যায়-অত্যাচার, গুম-খুন উপেক্ষা করে রাজপথে নেমে এসে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। এটি আমাদের জন্য গৌরবের বিষয়।
তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলন সারা বিশ্বের দৃষ্টি কেড়েছে। বিশ্বের দৃষ্টি ছিল বাংলাদেশের দিকে। গত ১৬/১৭ বছরের গুম-খুন থেকে আমরা মুক্ত। আশা করছি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের মানুষের জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতর কারণে জনজীবনে সংকট নেমে এসেছে উল্লেখ করে স্পিকার বলেন, আশা করি এই সংকট কেটে যাবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে বিচার বিভাগ জামিন দিয়েছেন। আমি মনে করি একটা ভালো কাজ হয়েছে। তিনি একজন নারী স্পিকার ছিলেন। তার জামিন অবশ্যই বিচার-বিশ্লেষণ করেই দিয়েছে।
এ সময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো, শহীদুল্লাহ কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।