logo

দুই জেলায় সাপের কামড়ে দুই শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, জামালপুর ও রাজবাড়ী
দুই জেলায় সাপের কামড়ে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

জামালপুরের মাদারগঞ্জ ও রাজবাড়ী সদর উপজেলায় সাপের কামড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার দুপুরে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বীর নাদাগাড়ী এলাকায় সাপের কামড়ে হুমায়রা নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। হুমায়রা ওই এলাকার স্বপন শেখের মেয়ে।

হুমায়রার স্বজনেরা বলেন, আজ দুপুরে হুমায়রা ঘরে বসে মোবাইল ফোন দেখছিল। এ সময় তার বাবা-মা ও দাদা-দাদি বাড়ির পাশের ধানক্ষেতে কাজ করছিলেন। একপর্যায়ে খাট থেকে নামার সময় একটি বিষাক্ত সাপ শিশুটির পায়ে কামড় দেয়। পরে সে কান্নাকাটি শুরু করলে তার দাদা কামাল শেখ বাড়িতে এসে বিষয়টি জানতে পারেন। হুমায়রা দাদাকে জানায়, একটি বড় সাপ তার পায়ে কামড় দিয়েছে।

স্বজনরা প্রথমে তার পায়ে বাঁধন দিয়ে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে রাজবাড়ী সদর উপজেলার ভরাট ইউনিয়নের পশ্চিম ভবদিয়া এলাকায় সাপের কামড়ে আদিবা নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আদিবা ওই এলাকার আমির শেখের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদিবা বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ একটি সাপ তাকে কামড় দেয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। পরে বাড়িতে ফিরিয়ে আনার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে নেওয়ার পরামর্শ দেন। ফরিদপুর নেওয়ার পথে আদিবার মৃত্যু হয়।

ভরাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহজাহান মণ্ডল সুজন বলেন, শুনেছি পশ্চিম ভবদিয়া এলাকার একটি শিশু সাপের কামড়ে মারা গেছে। পরিবারের লোকজন প্রথমে তাকে কবিরাজের কাছে নিয়ে যান। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে নেওয়ার পরামর্শ দেন। তবে ফরিদপুর নেওয়ার পথে আদিবার মৃত্যু হয়।

এ বিষয়ে রাজবাড়ী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, এ ঘটনায় আমরা এখন পর্যন্ত কোনো তথ্য বা অভিযোগ পাইনি।