ধামরাইয়ে প্রাইভেটকারে তুলে হাত-পা ও চোখ বেঁধে ছিনতাই

ঢাকার ধামরাইয়ে প্রাইভেটকারে তুলে এক ব্যক্তির হাত-পা ও চোখ বেঁধে মারধর এবং হত্যার হুমকি দিয়ে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে তার মুঠোফোনে থাকা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে দুটি ব্যাংক হিসাব থেকে আরও দেড় লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ধামরাই থানায় অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. আসিফ আহমেদ (৩২)। তিনি ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বাসিন্দা।
অভিযোগে আসিফ আহমেদ বলেন, মঙ্গলবার সকাল ছয়টার দিকে জয়পুরা থেকে মানিকগঞ্জ যাওয়ার জন্য বাস না পেয়ে ভাড়ায় চালিত একটি সাদা প্রাইভেটকারে ওঠেন তিনি। পাল সিএনজি ও কালামপুরের মাঝামাঝি এলাকায় যাওয়ার পর গাড়িতে থাকা চার ব্যক্তি চলন্ত অবস্থায় তার ওপর হামলা করেন। পরে তার হাত-পা ও চোখ বেঁধে মারধর করা হয়। অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।
একপর্যায়ে তার কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন আসিফ। তার মুঠোফোনে ইসলামী ব্যাংক ও উত্তরা ব্যাংকের ব্যাংকিং অ্যাপ চালু ছিল। পরে ওই অ্যাপ ব্যবহার করে ইসলামী ব্যাংক থেকে ৫০ হাজার টাকা এবং উত্তরা ব্যাংক থেকে ১ লাখ টাকা নেওয়া হয় বলে অভিযোগ তার।
অভিযোগে বলা হয়, প্রথমে ব্যাংক হিসাব থেকে আসিফের ব্যবহৃত বিকাশ নম্বরে টাকা পাঠানো হয়। পরে বিভিন্ন সময়ে বিভিন্ন দোকান থেকে ওই টাকা তুলে নেওয়া হয়। তার মুঠোফোনে থাকা নগদ হিসাবেও টাকা পাঠানো হয় এবং সেখান থেকেও টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া অভিযুক্ত ব্যক্তিরা তাদের ব্যবহৃত একটি বিকাশ নম্বরের মাধ্যমেও টাকা লেনদেন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে ডাচ্-বাংলা ব্যাংকের দুটি এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের তথ্যও উল্লেখ করেছেন আসিফ।
আসিফ আহমেদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ছিনিয়ে নেওয়া টাকা ও মুঠোফোন উদ্ধারে তিনি পুলিশের সহযোগিতা চান।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।


