logo

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ যুবক আটক

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ যুবক আটক

মাদারীপুরের শিবচর উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শেখ জায়েদ হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

বুধবার (২৫ মার্চ) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আমির হোসেন সেরনিয়াবাত। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। রাতে ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালকান্দা এলাকার বাসিন্দা শেখ ওমর ফারুকের ছেলে শেখ জায়েদ হোসেন একই এলাকার মনির বেপারীর পরিত্যক্ত বাড়ির ছাদে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে। ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা অভিযুক্ত জায়েদকে হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয় এবং শিবচর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত জানান, অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তবে ভিকটিম মানসিক প্রতিবন্ধী নারীকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তাকে উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে।