logo

সাড়ে তিন মাস ধরে নিখোঁজ কন্যার অপেক্ষায় মা-বাবা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
সাড়ে তিন মাস ধরে নিখোঁজ কন্যার অপেক্ষায় মা-বাবা
ফোনে কন্যার ছবি হাতে মা ও বাবা। ছবি: এশিয়া পোস্ট

চলতি বছরের ৩ এপ্রিল। কুড়িগ্রামের উলিপুর থানায় নথিভুক্ত হয় একটি অপহরণ মামলা। বাদীর অভিযোগ অনুযায়ী, তার কন্যাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। মামলার পর পার হয়ে গেছে সাড়ে তিন মাস। কন্যার খোঁজে এখন দিশেহারা কৃষক পরিবারটি।

এজাহার অনুযায়ী, ভুক্তভোগী পরিবার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ইসলামপুর এলাকার বাসিন্দা। তাদের ১৫ বছর বয়সি কন্যা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। তাকে অপহরণে অভিযুক্ত করা হয়েছে হৃদয় হোসেন, মজিবর রহমান, মজিদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও ছালমা বেগমকে।

স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া বলেন, মেয়েটার পরিবার কৃষিকাজের সঙ্গে জড়িত। তাকে এতদিনেও উদ্ধার করা গেল না, এটা খুবই দুঃখজনক।

অপহরণের শিকার কন্যার বাবা বলেন, আমি শুধু মেয়েটাকে ফেরত চাই। কতদিন হলো মেয়েটার মুখ দেখি না। বুকটা ফেটে যাচ্ছে। গরিব মানুষ বলে কি আমরা বিচার পাব না? আমার মেয়েটা কোথায় আছে, কি অবস্থায় আছে কিছুই জানি না। শুধু একবার মেয়েটাকে দেখতে চাই।

তার স্ত্রী বলেন, শত্রুতার জেরে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। মামলা করেছি। আজ পর্যন্ত কেউ গ্রেপ্তার হলো না। মেয়েটা বেঁচে আছে নাকি মরে গেছে, সেটাও জানি না।

এ বিষয়ে সাহেবের আলগা পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তদন্ত অব্যাহত রয়েছে।