রোদ-বৃষ্টিতে শূন্যরেখায় তিন যুবকের ১৩ দিন

টানা ১৩ দিন ধরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় আছেন তিন যুবক। তাদেরকে কথিত বাংলাদেশি বলে ঠেলে পাঠায় (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় ঠাঁই হয় শূন্যরেখায়।
সীমান্তবর্তী বাসিন্দারা জানান, দুই দিকে দেশের সীমান্তরক্ষী বাহিনী। মাঝখানে শূন্যরেখায় থাকছেন তিন যুবক। সেখানে পলিথিনের তাবু টানিয়ে থাকার ব্যবস্থা করেছেন। সেখানে তীব্র রোদ ও বৃষ্টিসহ প্রকিকূল আবহাওয়ার মধ্যে সময় পার করছেন তারা। তাদেরকে গত ১৪ জুন বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।
রৌমারী উপজেলার ইজলামারী সীমান্ত এলাকার বাসিন্দা লিটন মিয়া বলেন, তারা ১৩ দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন। তারাও তো মানুষ। এভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। যে কোনো সময় তারা অসুস্থ হয়ে পড়তে পারে। মানবিক দিক বিবেচনায় দ্রুত সমস্যার সমাধান হওয়া উচিত।
এ বিষয়ে জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, শান্তিপূর্ণ সমাধানের জন্য বিএসএফকে অবহিত করা হয়েছে। বিএসএফ জানিয়েছে, ওই তিন যুবক ভারতের নাগরিক নন। তারা বিষয়টির সমাধানে আগ্রহ দেখাচ্ছে না।






