Advertisement

বিবাহবিচ্ছেদের পর ‘আত্মহত্যা’ নবম শ্রেণির ছাত্রের

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বিবাহবিচ্ছেদের পর ‘আত্মহত্যা’ নবম শ্রেণির ছাত্রের
মানচিত্রে বগুড়া। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

বগুড়ার গাবতলীতে বিবাহবিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়ে রিফাত আলী খান নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার নেপালতলী ইউনিয়নের রহিমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রিফাত (১৭) ওই এলাকার রুবেলের ছেলে। সে কদমতলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে পরিবারের অজান্তে নিজ বাড়ির টিনশেড ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে রিফাত। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে গাবতলী থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, কয়েক মাস আগে প্রেমের সম্পর্কের জেরে এক তরুণীকে বিয়ে করেছিল রিফাত। কিন্তু তিন মাস পর তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকেই রিফাত মানসিকভাবে বিষাদগ্রস্ত ছিল। মানসিক হতাশা থেকেই সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

বিষয় :বগুড়া