দুই যুগ পর সিরাজগঞ্জ যাচ্ছেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই যুগ পর নির্বাচনি জনসভায় অংশ নিতে সিরাজগঞ্জে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় বগুড়া থেকে ঢাকা ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্পপার্কে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।
সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব এম দুলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী ও রংপুর বিভাগে নির্বাচনি সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জেও আসবেন। এদিন জেলার ৬টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি।
তিনি আরও বলেন, এর আগে ১১ জানুয়ারি বিসিক শিল্পপার্ক এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু নির্বাচনি আচরণ বিধির কারণে তিনি তার উত্তরবঙ্গ সফর স্থগিত করেন।
এদিকে, বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত চিঠিতেও তারেক রহমানের সিরাজগঞ্জ জনসভায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়। রিটার্নিং কর্মকর্তা বরাবর প্রেরণ করা ওই চিঠিতে নির্ধারিত স্থানে জনসভা করার অনুমতি চাওয়া হয়েছে।
সিরাজগঞ্জের ৬টি আসনে নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এশিয়া পোস্টকে বলেন, তারেক রহমানের জনসভা সফল করতে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা আশা করছি জনসমাবেশে রেকর্ডসংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের জনসমাগম হবে।
উল্লেখ্য, এর আগে ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জনসভায় উপস্থিত ছিলেন তারেক রহমান। ২০০৮ সালে দেশ ছাড়ার দীর্ঘ ১৭ বছর পর গত বছরের ২৫ ডিসেম্বর তিনি লন্ডন থেকে দেশে ফিরে আসেন।