জামালপুর-ঢাকা রুটে তিনঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

ময়মনসিংহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর জামালপুরের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার করলে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকায় রেলক্রসিং পর্যন্ত আসতেই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় থেকেই জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
লাইনচ্যুত হওয়া ট্রেনের বগি উদ্ধার করতে নগরীর কেওয়াটখালী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল। সকাল সোয়া ১০টার দিকে রিলিফ ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকার কাছাকাছি পর্যন্ত আসতেই এটিও লাইনচ্যুত হয়।
এ বিষয়ে থানার ওসি মো. আকতার হোসেন বলেন, রিলিফ ট্রেনের বগি উদ্ধার না হলেও বেলা সাড়ে ১২টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করা হয়েছে। এ সময় থেকেই জামালগঞ্জের সঙ্গে ময়মনসিংহ ও জামালপুরের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। ইঞ্জিন কেটে লাইনচ্যুত হওয়া রিলিফ ট্রেন উদ্ধারের চেষ্টা চলছে।
